"নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি"এ প্রতিপাদ্যে নারায়ণগঞ্জ বন্দরে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।একইসাথে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সম্মেলন কক্ষে “অদম্য নারী পুরস্কার” শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ শিবানী সরকারের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.সরকার আশ্রাফুল ইসলাম, মৎস্য কর্মকর্তা ডা.রফিক আবেদীন,বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ, সাংবাদিক এসএম শাহীন, গ্রাম আদালতের সমন্বয়ক সীমা আক্তার সহ বিভিন্ন সরকারি দফতর প্রধান,শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং বিশিষ্ট জনেরা।
অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধে পারিবারিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে। একই সঙ্গে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা সময়ের দাবি।এছাড়া মহীয়সী নারী বেগম রোকেয়ার নানা কর্মকান্ড নিয়ে স্মৃতিচারণ করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা অদম্য নারীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।